বাজে সময় কাটিয়ে দুর্দান্ত ফর্মে আছেন উসমান দেম্বেলে। আর কয়েক ঘণ্টা পর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে মাঠে নামবেন। ছোটবেলার স্বপ্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাতে হতাশ না হতে হয়, সেদিকেই তার সব মনোযোগ। সেইসঙ্গে মনের কোণে আছে ব্যালন ডি’অরও।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে দেম্বেলে বলেন, ‘গত জানুয়ারি থেকে আমাদের মানসিকতা পুরোপুরি বদলে গেছ এবং সেটা ধরে রাখতে চাই। ফাইনাল নিয়ে সবাই খুবই রোমাঞ্চিত এবং সম্পূর্ণ প্রস্তুত। ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলব। ইন্টার দুর্দান্ত এক দল এবং ফাইনালে জায়গা তাদের প্রাপ্য। আশা করি দলীয় এবং ব্যক্তিগতভাবে মনোযোগ ধরে রেখে আমরা দারুণ কিছু করতে পারব।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড। এ কারণেই তাকে ব্যালন ডি’অরের দৌড়ে রেখেছেন অনেকে। তবে তার সব মনোযোগ এখন ফাইনালেই, ‘পিএসজির ফুটবলার হলে আপনাকে অবশ্যই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়কেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমার সব মনোযোগ দলের প্রতি, ব্যক্তিগত ট্রফিতে নয়। সত্যি বলতে, এটা (ব্যালন ডি’র) আমার মনের কোণে আছে। তবে আমার মনোযোগ পুরোপুরি দলের দিকে।’