কিশোরগঞ্জে অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চায় জামায়াত

'সংস্কার ও বিচারের পূর্বে কোনও নির্বাচন নয়, হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার কার্যকর হবার পরই হতে হবে জাতীয় নির্বাচন।' আজ শনিবার (৩১ মে) সকাল ৯টায় কিশোরগঞ্জ জামায়াতে ইসলামী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান একথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটি, তা জেনে ফ্যাসিস্ট সরকার গত ২০ বছর ধরে আমাদের দলীয় কার্যক্রম করতে দেয়নি। জামায়াত ইসলাম এখন বাংলাদেশকে একটি কোরআনের তথা ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র পরিণত করার। দেশে কোরআনের আইন বাস্তবায়ন করা। আপনারা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন।

জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০ বছর পর এই প্রথম কিশোরগঞ্জে কোনও খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলনে অর্ধলক্ষাধিক নেতাকর্মীর জমায়েত হতে দেখা গেছে। ফজরের নামাযের পর থেকে জেলার ১৩টি উপজেলা থেকে সম্মেলনে নেতাকর্মীরা যোগ দেন।

সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলা উপজেলা অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে কিশোরগঞ্জ ছয়টি আসনের সম্ভাব্য দলীয় সাংসদ মনোনীত প্রার্থীদের সকলের মাঝে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতাগণ।

বক্তব্যে নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে দলটি প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ২০ বছর পর কিশোরগঞ্জে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।