চরিত্রের প্রস্তুতিতে বিশ্বাসী নই

বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত নতুন সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই সিনেমায় কাজলকে দেখা যাবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে তার মেয়েকে রক্ষা করতে। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগন প্রযোজিত সিনেমার ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়, কাজল ছাড়া উপস্থিত ছিলেন আর মাধবন।

কাজল বলেন, এর আগে আমাকে ভূতের সিনেমায় ডাকা হয়নি। অজয়ের প্রযোজনা সংস্থা সুযোগ দিয়েছে। আগে কিছু সিনেমা ছাড়া বাকি সব হরর সিনেমার চিত্রনাট্য ভালো হতো না। কিন্তু এখনকার গল্প ভালো, আর আমরা ভালো সিনেমা নির্মাণ করছি।

অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার এমন চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে কাজল বলেন, আমি চরিত্রের প্রস্তুতিতে কখনোই খুব একটা বিশ্বাস করি না। সেটে গিয়ে আমি চরিত্র হয়ে উঠি। আমি মনে করি, গোটা টিম যখন কাজ করে, তখনই একটা ভালো সিনেমা হয়।

হলিউডি হররের সঙ্গে বলিউড সিনেমার তুলনা টানলে অজয় বলেন, আমাদের পৌরাণিক কাহিনি আছে, তাই এর ওপর সিনেমা বানানো জরুরি। হলিউডকে গল্প সৃষ্টি করতে হয়েছে। হররকে এক সময় মূলধারার সিনেমা হিসেবে ভাবা হতো না। এখন আর তা হয় না।