পানি উন্নয়ন বোর্ডকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে উল্লেখ করে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডকে জনগণ থেকে প্রাপ্ত অভিযোগ ও আবেদনের উত্তর দিতে হবে; জনগণকে আশ্বস্ত করতে হবে; তাদের অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকারসহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গতকাল শনিবার ঢাকায় গ্রিন রোডের পানি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পানি খাতে সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মিজানুর রহমান। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকরা, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তরুণদের ক্ষমতার মোহ থেকে বেরিয়ে আসতে হবে
লোভ, ক্ষমতার মোহ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে তরুণদের সরে এসে দেশের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘ম্যানিফেস্টো টক : ইউথ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে তিনি ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।