বিএনপির প্রবীণ নেতা কর্নেল (অব.) আজিম মারা গেছেন

চলে গেলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

দলীয় নেতাদের ভাষ্য, কর্নেল আজিম ছিলেন কুমিল্লা-৯ আসনে বিএনপির রাজনীতির অন্যতম স্তম্ভ। তার মৃত্যুতে কুমিল্লার রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্নেল আজিম বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সাল পর্যন্ত প্রতিবারই দলীয় মনোনয়ন পেয়েছেন।

গতকাল শনিবার সকালে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ কুমিল্লায় নেওয়া হয়। সেখানে একাধিক জানাজার পর মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাক দাফন করা হয়।

আনোয়ার উল আজিমের মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।