চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর টঙ্গী পূর্ব থানার সদস্যসচিব আকাশ খানসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিরিন সরকার কনা (৪৮) নামের এক নারী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন, ইমতিয়াজ শুভ, মোক্তার, ইফতেখার শুভ, আসিফ, পিয়াস ঘোষ প্রিন্সসহ।
মামলার বাদী শিরিন সরকার কনা টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর (শেরে বাংলা রোড) এলাকার মৃত নায়েব আলী সরকারের মেয়ে এবং আবুল হোসেনের স্ত্রী।
বাদী এজাহারে উল্লেখ করেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা অজ্ঞাত পরিচয় সহযোগীদের নিয়ে আমার বাসায় আসে। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করেন এবং আমার স্বামী আবুল হোসেনের নামে চারটি মামলা রয়েছে বলে জানায়। তারা মামলাগুলো সমাধান করে দেওয়ার কথা বলে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমার স্বামীকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তাদের ভয়ে আমরা ৫ লাখ টাকা চাঁদা দিতে রাজি হই। আমাদের বাসায় ৫ লাখ টাকা না থাকায় পরদিন দেওয়ার কথা বললে তারা আমাদের চাপ সৃষ্টি করে। পরে ভয়ে তাদের নগদ ২৫ হাজার টাকা দিই। বাকি টাকা বৃহস্পতিবার সকালে পরিশোধ করার কথা বললে একশ টাকার স্ট্যাম্পে আমার সই নিয়ে তারা চলে যায়।