কোস্ট গার্ড ও পুলিশের অভিযান

টেকনাফে হ্যান্ড গ্রেনেড ও মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরে ওই বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুরপাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও দুই রাউন্ড পিস্তলের গোলা এবং দুই লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি