সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক (সমকালের সামনে), বিক্রমপুর প্লাজার সামনে জুরাইন রেল গেইট, শ্যামপুর লাল মসজিদসংলগ্ন বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহ উদ্দীন আহমেদ, নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি নবী উল্লাহ নবী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মীরুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এ ছাড়াও নিজ বাসভবনে শাহজাহান পুর থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন মির্জা আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।