লিওনেল মেসি, নেইমার, জ্লাটান ইব্রাহিমোভিচ, কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো সিলভা, আনহেল ডি মারিয়ার মতো ফুটবল দুনিয়া কাঁপানো কত সুপারস্টার এসেছেন পিএসজিতে, চলেও গেছেন। কিন্তু ফরাসি ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপসেরা হয়ে আবেগ আর ধরে রাখতে পারেননি পিএসজি অধিনায়ক মারকিনহোস । তার কথায় ফুটে উঠেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য নিরন্তর প্রচেষ্টার কথা।
ইন্টার মিলানের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেঁদে ফেলেন মারকুইনোহস। প্রবল উচ্ছাসে কী করবেন যেন ভেবে পাচ্ছিলেন না! ঘোর কাটার পর পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা ‘এম৬’ কে বলেন, ‘এটা আমাদের আবেগের মিশ্রণ। আমি সেইসব খেলোয়াড়দের কথা ভাবছি, যারা এখানে এসেছেন এবং চলেও গেছেন, কিন্তু সফল হতে পারেননি। এই শিরোপা তাদের জন্যও।’
মারকিনহোস আরও বলেনম ‘আমার আদর্শ থিয়াগো (সিলভা), লুকাস [মৌরা], জ্লাতান [ইব্রাহিমোভিচ], [এডিনসন] কাভানি, [অ্যাঞ্জেল] ডি মারিয়াসহ অনেক খেলোয়াড় যারা এখানে এসেছেন এবং চলে গেছেন। তারা এর যোগ্য ছিলেন, কিন্তু সফল হননি। আমরা পেরেছি এবং এই শিরোপা ঘরে ফিরিয়ে এনেছি। আমি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত সমর্থকদের নিয়েই এটি উপভোগ করতে চাই। আমি তোমাদের ভালোবাসি।’
২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো মারকিনহোস ের আজ আনন্দের দিন, ‘এটা আমার জীবনের সেরা দিন। আমার পরিবারও এই দুর্দান্ত অভিজ্ঞতার স্বাদ নিয়েছে। কেউ হয়তো বিশ্বাসও করেনি আমরা এতদূর যেতে পারব। বারো বছরের পরিশ্রমের ফসল। আমি এই শিরোপাকে অনেক মূল্যবান মনে করি। এটি এখন আমাদের, আমরা এটাকে ঘরে ফিরিয়ে এনেছি। আমি খুব খুশি।’