‘সরকারি চাকরি অধ্যাদেশে’ অপব্যবহারের ঝুঁকি রয়েছে: জ্বালানি উপদেষ্টা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর কয়েকটি ধারা অপব্যবহারের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রবিবার সচিবালয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি এই আশঙ্কার কথা জানান।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতারা ওইদিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। তারা অধ্যাদেশ বাতিলের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ‘এখানে কিছু প্রভিশন (ধারা) আছে যেগুলোর অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা আছে। আমি এটি নিয়ে আলোচনা করব।’ একইসঙ্গে তিনি কর্মচারীদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদের নজরে আনার আশ্বাস দেন।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘আপনাদের অবস্থান হলো—এই অধ্যাদেশ বাতিল করে দিতে হবে। এটা একটি পরিষ্কার অবস্থান। কিন্তু আপনারা একটি দিক মাথায় রাখবেন—এমনও হতে পারে যে, যেসব ধারার অপব্যবহার হতে পারে, সেগুলোকে যদি ঠিকভাবে সমাধান করা যায়, তাহলে অধ্যাদেশটি টিকিয়ে রাখাও বিবেচনায় আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই অধ্যাদেশে যে কিছু ত্রুটি আছে, তা সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন। আমি তো আর সিদ্ধান্ত দিতে পারি না। তবে আপনাদের বাতিলের দাবি উপদেষ্টা পরিষদে তুলে ধরব। আপনারাও ভেবে দেখবেন—এই অধ্যাদেশটি রেখে কীভাবে কিছু ‘সেইফগার্ড’ (সুরক্ষা ব্যবস্থা) যোগ করা যায়, যাতে এটি গ্রহণযোগ্য হয়ে ওঠে।’

অফিসে স্বাভাবিক কাজের পরিবেশ বজায় রাখতে কর্মচারীদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা।

বৈঠকে কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।