স্ত্রীসহ সাবেক এমপি ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ইকবালের ভাই সাখওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, মুহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য প্রদানের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হলেও নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য প্রদানের জন্য তারা হাজির হননি। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।