ইসি সচিব বললেন

জামায়াত-ইশরাক ইস্যুতে আদালতের নির্দেশনা পেলে সিদ্ধান্ত

জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আজ রবিবার বিকেলে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আদালতের নির্দেশনা ইসিতে পৌঁছলে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ইশরাকের শপথ ইস্যুতেও আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আর্জি জানান।