খাগড়াছড়িতে ভারি বর্ষণ, পাহাড় ধসে যান চলাচল ব্যাহত

চারদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। এ কারণে চেঙ্গী ও মাইনী নদীসহ স্থানীয় খাল ও ছড়ার পানি বৃদ্ধি পেয়েছে। কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

এদিকে রবিবার (১ জুন) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা-রাঙ্গামাটির লংগদু সড়কের ইয়রাংছড়ি এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি ও গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কের আরও কয়েকটি নিচু স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচলে ব্যাহত হচ্ছে। মাইনী নদীর পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ডুবেছে।  

খাগড়াছড়ি জেলা সদরের শালবন, ভুয়াছড়ি ও গুগড়াছড়ি ও  খাগড়াছড়ি- দীঘিনালা সড়কের ন্যান্সি বাজার এলাকায়  এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলে তা অপসারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। সেজন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।