নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। তবে ৩০ জুনের পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার (১ জুন) ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন আগেও হতে পারে, ৩০ জুনের বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বিকেল চারটায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন।
তিনি বলেন, আমরা আশা করছি দ্বিতীয় দফায় যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগির শেষ হবে এবং এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার্টার, যেটা নিয়ে কাজ করা হচ্ছে, সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।