নারীকে লাথি মেরে বহিষ্কৃত সেই জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে আলোচনায় আসার পর দল থেকে বহিষ্কৃত সেই জামায়াতকর্মী আকাশ চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার  বিকেলে  নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ চৌধুরী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘আকাশ চৌধুরীকে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করেছি। গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

গত ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদ-াদেশ বাতিলের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন। হামলায় আহত হন অন্তত ১২ জন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুতবিচার আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। নারীকে লাথি মারার ওই ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।