কিশোরগঞ্জের কুলিয়ারচর উপশাখায় কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে আইএফআইসি ব্যাংক। ব্যাংক বলেছে, এতে কোনো গ্রাহকের স্বার্থহানির আশঙ্কা নেই এবং উপশাখার সব ধরনের লেনদেনও যথারীতি চালু থাকবে।
রোববার, ১ জুন ২০২৫ দুপুর সাড়ে ১২টার দিকে আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মকর্তা অজ্ঞাত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রাহকদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কুলিয়ারচর উপশাখার সব গ্রাহকের আমানত সুরক্ষিত রয়েছে এবং সোমবার, ২ জুন থেকে যথারীতি সকল ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপশাখার জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় কর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে তারা চূড়ান্ত মত জানাবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ঘটনায় ব্যাংককে সার্বিক সহযোগিতা করছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে বিভ্রান্ত না হতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএফআইসি ব্যাংক।