ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গতকাল রবিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মেহেদি হাসান ওই গ্রামের জামির হোসেন মণ্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া বলেন, আটক মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’ নামের একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করত। সে দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ দিত এবং মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করত। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে জুয়ায় অংশ নিতে উৎসাহিত করত।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেদির গতিবিধির ওপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান ও হাফিজুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।