হামিদুর রহমান বললেন

দ্রুত জামায়াতের নিবন্ধন-প্রতীক ফিরিয়ে দেবে ইসি

দ্রুতই জামায়াতের নিবন্ধন ও প্রতীক নির্বাচন কমিশন (ইসি) ফিরিয়ে দেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করি, কমিশন শিগগিরই কোর্টের রায় বাস্তবায়ন করবে।

সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পূর্ণ কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হামিদুর রহমান বলেন, আদালত রবিবারের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিল, সে অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আমরা সে জন্য ফুল কমিশনের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, ২০১৩ সালের আগের আমাদের যে অবস্থা ছিল, যেমন আমি নিজে ২০০৮ সালের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। সে অবস্থায় ফিরে যেতে হবে।

এ বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে রবিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল।