আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৩৭ লাখ মে. টনে উন্নীতকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।
সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনায় এসব তথ্য জানান অর্থ উপদেষ্ঠা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্ঠা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় রেখে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৫২ লাখ ৫৫ হাজার মে. টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
এ ছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। তাছাড়া কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন্ড হারভেষ্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে।