রাশিয়ান টিনএজ সেনসেশন মিরা আন্দ্রিভা ইতিহাস গড়লেন আবারও। মাত্র ১৮ বছর বয়সে টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি—যা গত প্রায় তিন দশকে আর কোনো কিশোরী করতে পারেননি। শেষবার এমন কীর্তি করেছিলেন সুইস কিংবদন্তি মার্টিনা হিনগিস, ১৯৯৭ ও ১৯৯৮ সালে।
সোমবার প্যারিসে অস্ট্রেলিয়ান ১৭তম বাছাই দারিয়া কাসাতকিনাকে সরাসরি সেটে ৬-৩, ৭-৫ গেমে হারান আন্দ্রিভা। পুরো টুর্নামেন্টেই এখন পর্যন্ত কোনো সেট হারেননি এই তরুণী।
ম্যাচ শেষে আনন্দ প্রকাশ করে আন্দ্রিভা বলেন, "সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি জিতে। কারণ ওর (কাসাতকিনা) সঙ্গে খেলতে ঘৃণা করি, আমরা প্রায়ই একসঙ্গে প্র্যাকটিস করি, সেখানেও ওর বিপক্ষে খেলা ভীষণ কঠিন!"
গত বছর নিংবো ফাইনালে কাসাতকিনা তিন সেটে হারিয়েছিলেন আন্দ্রিভাকে। তবে এবার পরিস্থিতি ছিল উল্টো। দ্বিতীয় সেটে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৫-৫ তে সমতা ফেরান, এরপর স্নায়ুচাপ সামলে জয়ের পথে এগিয়ে যান আন্দ্রিভা।
কোয়ার্টার ফাইনালে ফরাসি ওয়াইল্ডকার্ড লোইস বোইসন অথবা আমেরিকান তৃতীয় বাছাই জেসিকা পেগুলার সঙ্গে খেলতে হবে আন্দ্রিভাকে।