ঈদুল আজহা সমাগত। ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে খুশির সম্ভার। তাই শেকড়ের টানে মানুষের গণযাত্রা শহর ছেড়ে গ্রামে প্রিয়জনের কাছে। তাই গণপরিবহন-দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
ঈদ ভ্রমণের স্বাস্থ্যঝুঁকি বিষয়টি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাই স্বাস্থ্যঝুঁকির খুঁটিনাটি জানা থাকলে ঈদযাত্রা হতে পারে আনন্দময় এবং প্রাণবন্ত। শিশু, বয়স্ক এবং রোগীদের পক্ষে লম্বা যাত্রাপথের ধকল সহ্য করা খুব
কঠিন হয়।
খাবার নিয়ে সতর্কতা
ঘরের তৈরি খাবার এবং পানির বোতল সঙ্গে রাখুন। কিছুক্ষণ পরপর বিশুদ্ধ পানি পান করুন এবং বাচ্চাদের পানি পান করতে উৎসাহিত করুন। বাইরের খাবার, ফলের জুস, চিপস, চকলেট ইত্যাদি বাচ্চাদের খেতে দেবেন না।
প্রয়োজনীয় ওষুধ
কিছু কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন শরীর ব্যথার জন্য প্যারাসিটামল, ডায়রিয়ার জন্য খাবার স্যালাইন, সাধারণ সর্দি-কাশির জন্য অ্যান্টিহিস্টামিন, পেটব্যথা, ফোলা গ্যাসের জন্য ওমিপ্রাজল ইত্যাদি সঙ্গে রাখুন। এছাড়া তুলা, গজ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক মলম সঙ্গে রাখুন। মোবাইল ফোনে চিকিৎসকের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহে রাখুন। শিশুদের বিভিন্ন মেয়াদি অসুখ যেমন বাতরোগ, অ্যাজমা বা অ্যালার্জি রোগে ভুগছে তার জন্য প্রয়োজনীয় ওষুধ নিতে একদম ভুলবেন না।
যানবাহনের সতর্কতা
জানালা দিয়ে মাথা বা হাত বের করে রাখবনে না। অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চে উঠতে চেষ্টা করবেন না। শিশুরা সব সময় জানালার পাশে বসতে চায়, তাই অতিরিক্ত বাতাসের কারণে ভ্রমণের ঠিক পরেই আক্রান্ত হয় সর্দি-জ্বর অথবা সাধারণ কাশিতে। তাই শিশুদের জানালার পাশে বসা থেকে বিরত এবং শিশুদের ধরে রাখবেন যাতে করে শিশুরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে না পারে।
মোশন সিকনেস
অনেক শিশুর বাসে বা যানবাহনে উঠলে বমি বমি ভাব এমনকি বমি করে দিতে দেখা যায়, সঙ্গে মাথা ঘোরাও থাকতে পারে যাকে বলে ভ্রমণজনিত মোশন সিকনেস। এই প্রতিরোধে ট্যাবলেট বা সিরাপ অটোসিল অথবা স্টিমিটিল জাতীয় ওষুধ ভ্রমণের আধ ঘণ্টা আগে খাওয়ালে এই অসুবিধা থেকে আরাম পাওয়া যায়। এছাড়াও বাস ট্রেনে চলাচলের সময় শিশুদের চোখ বন্ধ করে রাখলে অথবা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলেও এই অসুবিধা টের পাওয়া যায় না বললেই চলে।