দেশে স্মার্ট শিক্ষা প্রসারে হুয়াওয়ে ও ব্র্যাকনেটের কর্মশালা

বাংলাদেশে ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রসারে ‘ক্যাম্পাস নেক্সটজেন : দ্য ফিউচার অব ডিজিটাল এডুকেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে ও ব্র্যাকনেট। ঢাকার গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এই আয়োজনে দেশের শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে প্রযুক্তি ও পণ্যের সর্বাধুনিক উদ্ভাবন, বিভিন্ন সফল উদ্যোগ ও হুয়াওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ অনুষ্ঠানে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন প্রতিনিধি অংশ নেন।

গতকাল সোমবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তারা ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা, নেটওয়ার্কের অতিরিক্ত স্তরজনিত সমস্যা, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সের (ওঅ্যান্ডএম) বিড়ম্বনা ও সাইবার নিরাপত্তার ঝুঁকির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণের মাধ্যমে আরও সংযুক্ত, শক্তিশালী ও স্মার্ট ক্যাম্পাস গঠনের উপায় নিয়ে আলোচনা করেন।

দেশের ডিজিটাল শিক্ষা খাতে ভূমিকা রাখতে হুয়াওয়ের পাশে একটি আস্থাজনক সহযোগী হয়ে থাকার জন্য ব্র্যাকনেটকে সম্মাননা দেয় হুয়াওয়ে। ব্র্যাকনেটের সিইও সৈয়দ পি. এফ. আহমেদ ও জেনারেল ম্যানেজার এবং হেড অব অপারেশনস মুকাররম হুসাইন এই সম্মাননা গ্রহণ করেন।

হুয়াওয়ের সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব পার্টনার ডেভেলপমেন্ট উইং কার্ল বলেন, ‘ হুয়াওয়ে স্মার্ট ক্যাম্পাস প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মানের ডিজিটাল অবকাঠামো দিয়ে সহযোগিতা করা।’