প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্র্যাক্টিক্যালি কোনো সংলাপ হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনি যখন কথা বলবেন— উনি প্রশ্নের কোনো উত্তর দেন না, হয় মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না।
মঙ্গলবার (৩ জুন) এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট কি হবে। খুব অবাক লাগে না ১০ মাসও যায়নি; একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা এত রক্ত, জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি, সেই ভোট হবে কিনা সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।
তিনি বলেন, আমাদের একটি নির্ভরতার জায়গা ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন— ‘একটা দল শুধু নির্বাচন চায়’ এমন ভুল কি তার মানায়? তিনি কি জানতেন না— ইতিমধ্যে ৩০টার বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। এই ভুল তো তার হবার কথা নয়। এ বিষয়ে উনি কোনো ব্যাখ্যাও দেননি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পাঁচবার উনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন। প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন— উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন। যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়। উনি খুব আশাবাদী হয়ে উঠেন।
যদিও সবাই জাতীয় ঐক্যের কথা বলছে; তবে কেউই জাতীয় ঐক্যের প্রিন্সিপালগুলো মেইনটেইন করে কথা বলছেন বলে মনে করেন মান্না।
তিনি বলেন, আমাদের বিবেচনায় রাখতে হবে, প্রতিবেশী দেশ যারা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে, মদদ দিচ্ছে। খুবই অ্যালার্মিং বিষয় পুশইনও চালাচ্ছে। পুশইন একসময় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। এই বিষয়টা বিবেচনায় রেখেই রাজনৈতিক নেতাদের কথা বলতে হবে। বিশেষ করে ক্ষমতায় যারা আছে তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।