আপিল বিভাগের স্টোররুমে আগুন, পরে নিয়ন্ত্রণে 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ভবনের স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার কিছু সময় পর সেখানকার কর্মচারীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। সুপ্রিম কোর্টে গতকাল থেকে অবকাশজনিত  ছুটি চলছে। সেজন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের বিচার কার্যক্রম চলেনি। 

ঘটনার বিবরণ দিয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল মূল ভবনের তৃতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তবে, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে স্টোররুমের দায়িত্বরতরা ফায়ার এক্সটিংগুইশার ও পানি ব্যবহারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসেন। প্রাথমিকভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতি হয়নি। তবে, আগুন নিভাতে গিয়ে যেহেতু পানি ব্যবহার হয়েছে তাই কিছু নথি ভিজে গেছে।’