তিন জেলায় এক দিনে ৫৪ পুশইন 

পঞ্চগড় সদরের পৃথক দুই সীমান্ত দিয়ে বাংলাদেশে নারী-শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাতে পুশইন করা হয় তাদের।

মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা ৯ জনকে আটক করে গ্রাম পুলিশের সদস্যরা। পরে তাদের ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

অন্যদিকে চাকলাহাট ইউনিয়নের ক্ষুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। ২৬ জনের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। আটকরা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করতেন। তাদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লা হিল জামান।

ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ। সোমবার (২ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাদের পুশ ইন করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিজিবি এই তথ্য জানিয়েছে।

ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে ‘পুশইন’ করা হয় দুই পরিবারের নারী,পুরুষ ও শিশুসহ ১২ জনকে। এর মাঝে মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। অন্যদিকে, হালুয়াঘাট সীমান্ত দিয়ে ‘পুশইন’ করা হয়েছে আরো ১০ জনকে। এর মাঝে ৯ জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে।

বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার ধোবাউড়া মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশইন করা হয়। পরে মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। অন্যদিকে, রাত ৩টার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ। এসময় বিজিবির নজরে এলে তাদেরকে হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়।