ঢাকায় কাঁচা চামড়া নিয়ে প্রবেশে ১০ দিনের নিষেধাজ্ঞা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যান্য জেলা থেকে রাজধানী ঢাকায় ১০ দিন কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা হতে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে।

এর আগে গত ২৫ মে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, কোরবানির ঈদের সময় চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ রাখা হবে।

স্থানীয় পর্যায়ে যারা চামড়া সংরক্ষণ করবেন, তাদের সুবিধার্থে সারা দেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করার কথাও জানিয়েছিলেন তিনি। 

ঢাকায় চামড়া প্রবেশ বন্ধের ফলে গ্রামাঞ্চলের চামড়া সংরক্ষণকারীরা লবণের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। যারা কোরবানির পশু জবাই করেন তারা চামড়া মাদরাসা বা এতিমখানায় দিয়ে দিতে পারবেন, যা সংরক্ষণ করে পরে বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা।