বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা এই অভিনেতার বেশ কিছু নাটক প্রচার হবে এবারের ঈদুল আজহায়। এর মধ্যে সর্বোচ্চ ৫টি নাটক দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে।
এই তালিকায় রয়েছে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘লাভ ইন দ্য এয়ার’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন (৮ মে) বিকেল ৫টা ৫০ মিনিটে। তৌফিকুল ইসলাম পরিচালিত ‘মন মানে না’তে ফারহানের নায়িকা সাদিয়া আয়মান। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন (৮ মে) রাত ১০টা ২০ মিনিটে।
রুবেল আনুশ পরিচালিত ‘রূপকথার মতো’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন (৯ মে) রাত ৮ টায়। এতে ফারহানের সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।
ঈদের পঞ্চম দিন (১১ মে) রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটক ‘মুড সুইং’। এতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির।
ঈদের সপ্তম দিন (১৩ মে) রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মহিদুল মহিম পরিচালিত ‘রূপসী স্টুডিও’। এতে ফারহানের নায়িকা কেয়া পায়েল।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে আরও বেশ কিছু নাটক প্রচার হবে মাছরাঙার পর্দায়। শিগগিরই সেই বিষয়ে জানতে পারবেন দর্শকরা।