প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে দক্ষিণ কোরিয়ায়

নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগাম নির্বাচনে ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। সামরিক আইন জারির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পার্লামেন্ট অভিশংসনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ইউনকে ক্ষমতাচ্যুত করে।

মঙ্গলবার (৩ জুন) স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির ১৪২৯৫টি কেন্দ্রে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে।

দেশটির নির্বাচন কমিশনের বরাতে রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ৮১ লাখ নাগরিক ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ১৮ শতাংশের একটু বেশি। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন পূর্ব জরিপগুলোতে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং জনসমর্থনে এগিয়ে আছেন বলে দেখা গেছে। তার পরেই আছেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু, তিনি ক্ষমতা হারানো ইউনের মন্ত্রিসভার সদস্য ছিলেন।