চাকরিতে এনআইডি বাধ্যতামূলক করার উদ্যোগ ইসির

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে সরকারি চাকরিজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বেতন-ভাতা আটকে যাওয়ার ঘটনাও ঘটছে। এমন বাস্তবতায় সরকারি যেকোনো পদে চাকরির জন্য এনআইডি বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর জানান, এনআইডি সংশোধনের জন্য যারা বেশি আসেন, তাদের বড় একটি অংশ সরকারি চাকরিজীবী। আগে তারা ভাউচারের মাধ্যমে বেতন পেতেন, কিন্তু এখন বেতন আইবাস সিস্টেমের মাধ্যমে সরাসরি এনআইডির ভিত্তিতে দেওয়া হয়। ফলে এনআইডির তথ্য সঠিক না থাকলে তারা বেতন থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের রুটি-রুজি, সন্তানদের ভরণপোষণসহ জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে।