নারায়ণগঞ্জ শহরের টানবাজারের হরিজন সিটি কলোনী (মেথর পট্টি) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও দেশীয় অস্ত্র এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।
এসময় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ গাঁজা, দেশী বিদেশী ১১ বোতল মদ, প্রায় ২০০ গ্রাম হেরোইন, তিনটি দেশীয় অস্ত্র ধারালো ছোরা, ১২টি মোবাইল ফোনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে।
মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবা দাস (৫০) ও পয়ালক দাস (৬৫) নামের দুজনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর নেতৃত্বে থাকা সেনাবাহিনীর এক উধ্বর্তন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে টানবাজার হরিজন কলোনীতে সকাল থেকেই মাদক ব্যবসা বেচাকেনা চলে। কলোনীর চিহ্নিত মাদক বিক্রেতা শিবা দাস ও পয়লাক দাস দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের দুজনকেই আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই সজিব কুমার মন্ডল জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে যৌথবাহিনী টানবাজার হরিজন সিটি কলোনি ঘিরে ফেলে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে চলে প্রতিটি ঘরে ঘরে তল্লাশি অভিযান। রাত ৮টা থেকে অভিযান শুরু হয়ে চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। তাদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।