কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়ির দালানের দরজার লক ভেঙ্গে ৮-১০ জন মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মোবাইল ফোন বন্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।