প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎকালে হাইকমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান।
প্রফেসর ইউনূস আগামী ৯ জুন যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন ফিরে আসবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ঊর্ধ্বতন ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস হাই কমিশনারকে জানান, জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বিতীয় দফার আলোচনা এই সপ্তাহে শুরু হয়েছে এবং শিগগিরই এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের সমুদ্র গবেষণা প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য ব্রিটিশ গবেষকদের প্রশিক্ষণসহ যুক্তরাজ্য থেকে কারিগরি সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।