সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৫০

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১ হাজার ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল, একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।