ডিএনসিসি প্রশাসক

ঈদের দিনেই অপসারণ করা হবে কোরবানির বর্জ্য

আসন্ন কোরবানির ঈদে ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির দিনের বর্জ্য সেদিনই অপসারণ করে শহরকে পরিষ্কার রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল বুধবার আমিনবাজার ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম।

তিনি জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল পরিমাণ বর্জ্য দ্রুত সরিয়ে নিতে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী তিন দিনব্যাপী কাজ করবেন বলে জানান প্রশাসক।

তার ভাষ্য, বর্জ্য অপসারণে ব্যবহৃত হবে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার। এ ছাড়া নগরবাসীর সহযোগিতার জন্য বিতরণ করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান স্যাভলন। আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য বিশেষ প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে খনন করা হয়েছে দুটি পৃথক পরিখা।