৭ মাস পর জাতীয় দলে ফেরা মেসি কি চিলির বিপক্ষে খেলবেন?

ইনজুরি কাটিয়ে দীর্ঘ সাত মাস পর জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার চিলির বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে মেসির খেলা নিয়ে এখনও সংশয় আছে। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসির একাদশে থাকা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তার সাথে আমার কথা হয়েছে। তবে সে শুরুর একাদশে থাকবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নেইনি। আগে জানতে হবে, শারীরিকভাবে সে কেমন বোধ করছে। এমনিতে সে খেলার জন্য প্রস্তুত, তারপর আমরা মূল্যায়ন করব। সে গত শনিবার ভালো একটি ম্যাচ খেলে ফিরেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং আমরা সিদ্ধান্ত নেব।’

পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়াই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিকে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ফিরেছেন নিজের চেনা ছন্দে। দুটি ম্যাচেই তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় স্কালোনি অবশ্য এখন নতুনদের বাজিয়ে দেখতে পারেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ আরও বলেছেন, ‘চোট ও নিষেধাজ্ঞার কারণে অনেকেই অনুপস্থিত থাকবে, বিশেষ করে মাঝমাঠে। আমি শুরুর একাদশ নিশ্চিত করিনি, কারণ এটা নির্ভর করবে অনুশীলনের ওপর। তবে আমরা এমন ছেলেদের খেলার সুযোগ দেব, যারা খুব বেশি খেলেনি, এটা তাদের খেলার সময়। ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এই সময়ের জন্য নয়।’