সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম। এ সময় আরো বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রামগড় ৪৩ বিজিবি।
এছাড়াও সবধরনের চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এ কর্মকর্তা। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন। বৃহস্পতিবার সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয় ভারত থেকে সীমান্তে অবৈধ ভাবে পুশইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে সীমান্তে যে পুশইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে। এ ছাড়া ঈদুল আযহাকে ঘিরে যেন ভারত থেকে গবাদি পশু ও চামড়া পাচার রোধে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করাও হয়েছে। পাশাপাশি সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারী জোড়দার করা হয়েছে।