অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ জুন) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই ধীরগতি। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
সিরাজগঞ্জের বাসচালক সোনাচান মিয়া বলেন, ভোর রাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। গরমে খুব কষ্ট হচ্ছে।
এদিকে পুলিশ বলছে, মহাসড়কে যানজট নিরসনে তারা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসনের আশ্বাস তাদের।
বৃহস্পতিবার (৫ জুন) মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ মিয়া জানান, যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে। তবে ধীরগতিতে যানবাহন চলছে।