চ্যাম্পিয়ন সোয়ানতেককে বিদায় করে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা অবশেষে পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে—এবং সেটা করলেন এক অবিশ্বাস্য কীর্তি গড়ে। তিনি থামিয়ে দিলেন সোয়ানতেকের রোলাঁ গারোয় জয়রথ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে সাবালেঙ্কা হারিয়েছেন তিনবারের চ্যাম্পিয়ন সোয়ানতেককে ৭-৬ (৭-১), ৪-৬, ৬-০ গেমে। এই জয়ের মাধ্যমে শেষ হলো সোয়ানতেকের টানা ২৬ ম্যাচের জয়যাত্রা ফ্রেঞ্চ ওপেনে।

সোয়ানতেক ১৯৬৮ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে ছিলেন। কিন্তু সাবালেঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স সেই স্বপ্ন ছিন্নভিন্ন করে দেয়।

২৭ বছর বয়সী বেলারুশিয়ান তারকা এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন দুইবার এবং একবার ইউএস ওপেন। তবে এটিই হতে পারে তার ক্যারিয়ারের প্রথম ক্লে কোর্ট গ্র্যান্ড স্লাম জয়। আর এই জয়ের ফলে তার সামনে খুলে গেল চতুর্থ মেজর শিরোপা জয়ের দুয়ার।

প্রসঙ্গত, সাবালেঙ্কা গত অক্টোবরে সোয়ানতেকের কাছ থেকে বিশ্ব এক নম্বর র‍্যাঙ্কিংও ছিনিয়ে নিয়েছিলেন।

ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ হবেন দ্বিতীয় বাছাই কোকো গফ অথবা ৩৬১তম র‍্যাঙ্কিংধারী ফ্রেঞ্চ ওয়াইল্ড-কার্ড খেলোয়াড় লোইস।