যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব

মার্কিন নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল চাদ

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ তালিকায় রয়েছে আফ্রিকার দেশ চাদ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো জানিয়েছেন, এখন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে তার দেশ। বুধবার (৪ জুন) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, বার্মা (মিয়ানমার), চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এছাড়াও বরুণ্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্রবেশে আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

জবাবে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’