ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৭) ও নাজিফা (৫)।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল।। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি গর্তের পানিতে পড়ে ডুবে যায়। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির আশপাশে তাদের খোঁজ না পেয়ে ওই গর্তের পানিতে নেমে সন্ধান করে। একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সাগরিকা সরকার জানান, সকালে কাইচাইল ইউনিয়ন থেকে দুটি মেয়েকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়। শুনেছি তারা পানিতে পড়ে মারা গিয়েছে। বর্তমানে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।