এপ্রিল ভোটের উপযুক্ত সময় নয়

প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

জাতীয় নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। আমারও যুক্তিসহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারি মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি। কিন্তু তিনি (প্রধান উপদেষ্টা) বিষয়টি আমলে নেননি। 

শুক্রবার (৬ জুন) রাতে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা এমন সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যখন দেশে পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। আর জানামতে ফেব্রুয়ারির ১৮, ১৯ তারিখের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে এরপর ঈদ।

তিনি বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাহলে তফসিল ঘোষণার পর নির্বাচনের ক্যাম্পেইন রমজানের মধ্যে করতে হবে। এটা হচ্ছে অযৌক্তিত ধারণা। দ্বিতীয় হচ্ছে, পাবলিক পরীক্ষার সম্ভাবনা। আমাদের দেশের এসএসসি, এইচএসসি পরীক্ষা সেসময় হয়। ওইসময় আবহাওয়াও সঠিক থাকে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সার্বিক বিবেচনায় খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে হতে পারতো। সেটা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হতো। কিন্তু প্রধান উপদেষ্টা সেটি আমলে নেননি।

তিনি বলেন, আরেকটি বিষয় আছে; একটা সরকার দায়িত্ব নেওয়ার পর একমাসের মধ্যে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না। আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে। অনেক বিষয় বিবেচনায় নিয়ে আমরা বলেছিলাম— ডিসেম্বরের ভেতরেই নির্বাচন করা সম্ভব। 

দলের স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা। তিনি জানান, বিএনপি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ও অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে।