নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে চার যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশা নদীতে পড়ে গেছে। এই ঘটনায় দুইজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো দুই নারী নিখোঁজ রয়েছেন। শনিবার (৭ জুন) ভোর ৪টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই নারী খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)।
উদ্ধার হওয়া দু’জন হলেন- খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চারজনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার বাসিন্দা।
জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিলেন। ভোরে বিশনন্দী ফেরিঘাটে পৌঁছে সিএনজিসহ ফেরিতে ওঠেন। ফেরি ছাড়ার দুই মিনিটের মাথায় হঠাৎ করেই সিএনজিটি নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে ফেরি সামান্য কাত হয়ে এমন দুর্ঘটনা ঘটছে। ঘটনার পরপরই আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুইজন পুরুষ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত দুইজন নারী নিখোঁজ রয়েছেন। নদীতে পানি প্রবল হওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা ঢাকার ডুবুরি দলের সহায়তা নিচ্ছি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে তদারকি করেন।
তিনি আরো বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।