ঈদের দিন গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক কামালের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী। শহীদ কামালের স্ত্রীকে এ সময় আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া ১৯ জুলাই স্বৈরাচারের পুলিশের গুলিতে নিহত সৈকতের মোহাম্মদপুরের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
সবশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
এ সময় গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা।