যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ, এবং তিনি সেই সম্পর্ক আর ফিরিয়ে আনতে চান না।
গতকাল শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, মাস্কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কি শেষ হয়ে গেছে? এর জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তা–ই ধরছি।” যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সম্পর্ক পুনঃস্থাপন করতে আগ্রহী—তখন ট্রাম্প সরাসরি উত্তর দেন, “না।”
ট্রাম্পের এই বক্তব্য ইলন মাস্কের সঙ্গে তাঁর সাম্প্রতিক প্রকাশ্য বিরোধের সর্বশেষ দৃষ্টান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক এক সময় ট্রাম্পের রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে তিনি কয়েক কোটি ডলারের অনুদান দেন এবং ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় সংক্রান্ত বিলের তীব্র সমালোচনা করেন মাস্ক।
ওভাল অফিসে বসে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, ইলনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। জানি না সেটা আর থাকবে কি না।’ তিনি আরও বলেন, ‘আমি খুবই হতাশ। কারণ এখানে উপস্থিত অন্য যে কারও তুলনায় ইলনই এ বিলের খুঁটিনাটি সবচেয়ে ভালো জানতেন। অথচ হঠাৎ করেই তিনি এতে আপত্তি তুলছেন।’
ট্রাম্পের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক তাঁর বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে দাবি করেন। ট্রাম্পের উক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক পোস্টে মাস্ক ব্যক্তিগতভাবে ট্রাম্পকে আক্রমণ করেন। এমনকি প্রমাণ না দেখিয়েই তিনি অভিযোগ তোলেন, ট্রাম্প ‘এপস্টেইন ফাইল’-এ যুক্ত।
এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও অভিযোগ করেন, ইলন মাস্ক প্রেসিডেন্টের অফিসের মর্যাদাকে অপমান করেছেন।