পঞ্চগড়ে কোরবানির মাংস বিতরণ করল 'হিউম্যানিটি ফার্স্ট'

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন)পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর ও এর আশপাশের এক হাজার পাঁচ শ ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফার্স্ট।

হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ ইউনুস আলী বলেন, হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের তত্ত্বাবধানে এবং হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর গ্রামে মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগণের উদ্দেশ্যে ১০টি গরু এবং ৫টি খাসি কোরবানি করে সমস্ত মাংস ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

পরপর তিনবার (২০১৯, ২০২৩ ও ২০২৪) পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর গ্রামের দুই শতাধিক পরিবারের ওপর ধর্মীয় উগ্রবাদীরা যে ভয়াবহ আক্রমণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বর্বর হামলা চালিয়েছে, এতে পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর লক্ষ্যে আমরা কোরবানির মাংস বিতরণের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, হিউম্যানিটি ফার্স্ট একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন। পৃথিবীর ৬৬টি দেশে এর শাখা রয়েছে। হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ এর একটি শাখা। হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ “মানবতার সেবায়” স্লোগান ধারণ ও বাহন করেই এর কার্যক্রম পরিচালনা করছে।