সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর চট্টগ্রামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তরে জোয়ারের সময় ভেসে আসা মৃতদেহটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় লাইফগার্ড কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস।

মারা যাওয়া পর্যটকের নাম রাজীব আহম্মদ (৩৫)। তিনি চট্টগ্রাম শহরের ডিসি রোড এলাকার বাসিন্দা নজির আহম্মদের ছেলে।

নিত্যানন্দ দাস জানান, ঈদ উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম থেকে রাজীবসহ তাঁর চার বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। বিকেল ৫টার দিকে তাঁরা সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের একটু দক্ষিণে ঘুরতে গিয়ে গোসলে নামেন। সেসময় সাগরের প্রবল স্রোতে রাজীব ও তাঁর এক বন্ধু ভেসে যেতে থাকেন।

তাঁদের চিৎকার শুনে লাইফগার্ড কর্মীরা তৎপর হন এবং একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাজীব ততক্ষণে স্রোতে তলিয়ে যান।

ঘটনার পর থেকে লাইফগার্ড, বিচ কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালান, তবে রাজীবের সন্ধান মেলেনি।

এএসপি নিত্যানন্দ আরও বলেন, “রোববার রাত ১২টা ১৫ মিনিটে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তরাংশে জোয়ারের সময় এক পর্যটকের মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি।”

পরবর্তীকালে মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।