স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন আয়োজনের সক্ষমতা বিবেচনা করে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘প্রথম থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেক স্তর রয়েছে, কোন স্তরে কী পরিমাণ নির্বাচন সম্ভব তা যাচাই করে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে। রাজনৈতিক দলগুলোর দিক থেকে শঙ্কা ছিল যে, স্থানীয় সরকারের ভোট হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। এখন যেহেতু প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সময় নির্ধারণ করে দিয়েছেন, সে সংশয় আর নেই।’

আজ সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্থানীয় সরকারের দৈনন্দিন সেবা থমকে গেছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘জনগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে যেসব সেবা পেয়ে থাকে, তা এখন কার্যত অচল হয়ে গেছে। জনপ্রতিনিধি না থাকায় মানুষ দৈনন্দিন অনেক গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যেগুলো আমরা দিতে পারছি না।’

এ সময় তিনি দেশের কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তার অভিযোগ, ‘কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলতেই পারে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার এমন ভূমিকা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার এবং বাবাকে ঘিরেও পূর্বে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি চাঁদপুরের একটি ঘটনাকে আমাদের পারিবারিক ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা হেয় প্রতিপন্ন হই। এসব কারা করছে, আমরা নজর রাখছি। একজন নাগরিক হিসেবে আমি এসব বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখি।’