এবার বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়লেন ট্রাম্প

এবার ‘এয়ারফোর্স ওয়ানে’ উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত নিজেকে সামলে নিতে সক্ষম হন তিনি। 

রবিবার (৮ জুন) নিউ জার্সির মরিসটাউন এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে সেখান থেকে মেরিল্যান্ড স্টেইটে মার্কিন প্রেসিডেন্টদের জন্য নির্ধারিত অবকাশ যাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে যাচ্ছিলেন ট্রাম্প। 

এদিকে এরই মাঝে সামাজিক মাধ্যমগুলোসহ ইন্টারনেটে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের হোঁচট খাওয়ার ওই ভিডিও। এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের কথা। ক্ষমতায় থাকাকালে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে তিনিও এভাবেই হোঁচট খেয়েছিলেন। এ যেন তারই রিপ্লে। 

অতীতে ওই হোঁচট খাওয়ার ঘটনায় ধারাবাহিকভাবে বাইডেনকে উপহাস করেন ট্রাম্প। বাইডেন শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন, তার বয়স অনেক বেশি, তিনি আনফিট, ওই হোঁচট খাওয়ার জেরে এরকম অনেক অভিযোগ তোলেন তিনি।  আর এর জেরেই সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়েও শুরু হয়েছে উপহাস আর হাসি-তামাশা।