বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা। বাংলাদেশে জনগণ ও গণতন্ত্রের জন্য যত সংস্কার হয়েছে সবই বিএনপির হাত ধরে হয়েছে। আর আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে। একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছে।
সোমবার বিকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে তিনি পেকুয়া চৌমুহনীতে পেকুয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশ-বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সবাই তার নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি।