সীমান্তে পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন শুরু 

সম্ভাব্য রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে পোল্যান্ড।  শুরু হয়েছে, আকাশসীমা বরাবর যুদ্ধবিমানের টহল। এই পরিস্থিতিতে নতুন করে ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের ‘বাফার রাষ্ট্র’ হিসেবে পরিচিত পোল্যান্ড। রাশিয়া-পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৩২ কিলোমিটার। সেই সীমান্তেরই সামরিক ভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড। পোল্যান্ড সেনাবাহীনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধবিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এই পরিস্থিতিতে  আকাশসীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সামরিক বিমানের মহড়া চলছে।’

শনিবার (৭ জুন)  ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়া ড্রোন হামলা চালায়। গত সাড়ে তিন বছরের যুদ্ধে সেটিই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিহ্নিত করেছেন। পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলির রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেছিলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়।